দেশজুড়ে

মহেশখালীর পাহাড়ে অস্ত্র ও মদের কারখানার সন্ধান

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পাহাড়ি এলাকায় ফের অস্ত্র ও মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সন্ধান পাওয়া আস্তানা থেকে সাতটি দেশীয় তৈরি বন্দুক, ৩০ রাউন্ড তাজা কার্তুজ, ৫০ পুরিয়া গাঁজা এবং এক হাজার লিটার বাংলা মদ জব্দ করেছে পুলিশ।

আটকরা হলেন- দেবাঙ্গাপাড়া এলাকার আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা (২৫), ঢাকা জেলার ৬৫নং ওয়ার্ডের চকবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এরশাদ উল্লাহ (৩৮), স্থানীয় আব্দুল জব্বারের স্ত্রী নুরুন্নাহার (৩৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় মোহাম্মদুল হক ও আরিফ উল্লাহ দেবাঙ্গাপাড়াস্থ পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরী ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, উপজেলার ক্রাইম জোন বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়াস্থ গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করে নারীসহ তিনজনকে অস্ত্র, গুলি ও মদসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর