কক্সবাজার শহরের টেকপাড়ার হাঙ্গরপাড়া থেকে পরকীয়া প্রেমিকসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাঙ্গরপাড়ার আব্বাস নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার খুরুশকুলের মোহাম্মদ হাসানের স্ত্রী হাসিনা আকতার (৩০) ও প্রেমিক শহরের মোজাহের পাড়ার হাসান আলীর ছেলে আবদুস শুক্কুর আবু (২৫)।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, একটি ভাড়া বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় শুক্কুরকে পাওয়া যায়। পাশে মেঝেতে অজ্ঞান অবস্থায় হাসিনা আকতারকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হাসিনা হারপিক খেয়ে মারা গেছে। কারণ তার পাশে হারপিকের বোতল পাওয়া গেছে। মুখেও হারপিক লেগেছিল। ওই বাসা থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
নিহত আবদুস শুক্কুরের ভাই আবদুল গফুর হক্কানি জানান, আবদুস শুক্কুর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এই কারণে পেশাগত কাজে অনিয়মিত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে নিয়মিত বাসায়ও যেতেন না।
নিহত হাসিনার মা ছালেহা খাতুন জানান, হাসিনা বিবাহিত। এক সন্তান রয়েছে তার। স্বামী মোহাম্মদ হাসান কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। সন্তান নিয়ে সে হাঙ্গরপাড়ায় ভাড়া থাকতো। পূর্ব পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে শুক্কুরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে হাসিনা।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুকুল ও সহকারী পুলিশ (সদর সার্কেল) রুহুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম