ক্যাম্পাস

ভিসি নিয়োগ নিয়ে ৫৫ শিক্ষকের বিবৃতি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক মঙ্গলবার এক লিখিত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ লাভে আগ্রহী গুটি কয়েক শিক্ষক স্বীয় স্বার্থ হীনভাবে চরিতার্থ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ প্রফেসর ড. মো. মাহবুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ বেশকিছু কাল্পনিক অভিযোগ প্রতিনিয়তই উত্থাপন করে চলছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, তাদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে অন্যদিকে একজন সৎ, নিষ্ঠাবান মানুষের চরিত্রহনন করেছে এবং বিশ্ববিদ্যালয় তথা সরকারের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।

এতে করে বঙ্গবন্ধুর নামে অলংকৃত এই বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য, সুনাম ও গৌরবোজ্জল ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের অধিকাংশের কাছে প্রতীয়মান হচ্ছে।

বিবৃতিতে তারা আরও বলেন, শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মাহবুর রহমান চার বছর দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ডের মূলনীতিই ছিল সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীলতা রাখা।

শিক্ষকবৃন্দ প্রত্যাশা করেন এবারও এই বিশ্ববিদ্যালয়ের জন্য সৎ, ন্যায়পরায়ণ, সৃষ্টিশীল ও বঙ্গবন্ধুর আদর্শ নিখাঁদ বিশ্বাসী উপযুক্ত ব্যক্তিই বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাবেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. ময়নুল হক, প্রফেসর ড. মো. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম, সহকারী অধ্যাপক মুঈনা জাহান, সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলামসহ ৫৫ জন শিক্ষক।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম