কক্সবাজারে পৃথক অভিযানে সাড়ে তিন মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শহরতলীর নুনিয়াছড়াস্থ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মঙ্গলবার সকালে ও দুপুরে মৎস্য অধিদফতরের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নুনিয়ারছড়ায় অভিযান চালিয়ে ৮০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে মাছের মালিকরা পালিয়ে যাওয়ায় এটি পরিত্যক্ত হিসেবে গণ্য করা হয়।
দুপুরে আরেকদফা অভিযানে জব্দ করা হয় ৬০ কেজি জাটকা ইলিশ। মাছ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শরীফুল আলম ও মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে অংশ নেন।
জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম বলেন, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ ‘জাটকা’ হিসেবে গণ্য।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধিকল্পে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন জেলা মৎস্য কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এএম/পিআর