ক্যাম্পাস

মুজিবনগর দিবস উপলক্ষে বাউবিতে আলোচনা সভা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। তিনি ঐতিহাসিক মুজিবনগর দিবসের ঘটনাবহুল স্মৃতিচারণ করে বলেন, সেদিন মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে রাজনৈতিক বৈধতা নিয়ে রাষ্ট্রের ও সরকারের পরিচিতিতে মহান মুক্তি সংগ্রামে বিশ্বজনমত আরও বেড়ে ওঠে।

তিনি আরও বলেন, মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী গঠিত হয়। ৭১-এর এপ্রিলের ১৭ তারিখে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের প্রধানতম লক্ষ্য ছিল সাংবিধানিকভাবে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করে সুমহান বিজয় ছিনিয়ে আনা। মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবসের গুরুত্ব তাই অপরিসীম।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে মুজিবনগর হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীন বাংলাদেশের রূপকার ছিলেন।

সভাপতির ভাষণে উপাচার্য আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরার জন্য শত্রুর বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস