গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাতাড়িয়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশ থেকে অর্ধগলিত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। জিজ্ঞাবাদের জন্য বাড়ির মালিকসহ দুইজনকে দুপুরে আটক করা হয়েছে।
নিহত ইভা ইসলাম (২১) বরিশালের সদর উপজেলার রুপাতলী এলাকার আলামিন মল্লিকের স্ত্রী। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, নিহতের স্বামী আলামিন মোল্লা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি কারখানায় চাকরি করতেন। গত ৬ মাস আগে আলামিন ও তার স্ত্রী ইভা উপজেলার ভাতাড়িয়া এলাকার ইয়াসিন উদ্দিনের বাড়িতে বাসা নিয়ে বসবাস শুরু করে।
কিন্তু গত পাঁচ-ছয় দিন ধরে আলামিনের স্ত্রী ইভাকে আর দেখা যায়নি। প্রতিবেশি এবং একই বাড়ির অন্য ভাড়াটিয়ারা তার স্ত্রী কোথায়? জানতে চাইলে আলামিন মল্লিক জানান, তার স্ত্রী ইভাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আলামিন কাজে যোগ দিতে কারখানায় চলে যান। সকাল ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে এক নারী ওই বাসার দক্ষিণ পাশে সবজি বাগানে পানি দিতে যান। এ সময় মাটির নিচে মানুষের হাত দেখতে পান। সেখান থেকে দুর্গন্ধও বের হয়।
হাতটি দেখতে পেয়ে ওই নারী চিৎকার ও লোকজনদের ডাকাডাকি শুরু করেন। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে মাটির নিচ থেকে অর্ধগলিত ইভা আক্তারের মরদেহ উদ্ধার করে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার স্বামী আলামিন কর্মস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ইয়াছিন উদ্দিন ও তার ভাই হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
একই বাসার পাশের ভাড়াটিয়া তাসলিমা বেগম সাংবাদিকদের জানান, গত পাঁচ-ছয় দিন ধরে আলামিনের স্ত্রী ইভাকে বাসায় দেখা যাচ্ছিল না। হাঠৎ সে কাউকে কিছু না বলে কোথায় গেছে তার স্বামীর কাছে জানতে চাইলে সে জানায়, ইভাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। কিন্তু আলামিন এখান থেকে নিয়মিত কর্মস্থলে যাওয়া-আসা করছিলেন। তাই কারও কোনো সন্দেহ হয়নি।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়, ওই বাড়ির পাশে হেলাল উদ্দিন বেশকিছু দিন ধরে মাটি কেটে স্তূপ করে রেখেছিল। সেই মাটির নিচ থেকে মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম