কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে স্থানীয় এক স্কুল ছাত্রলীগ সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার ৫ নং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পালংখালী উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু (১৬) প্রতিপক্ষের ছুরির আঘাতে ঘটনাস্থলে মারা যায়। সে ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে।
পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, সম্প্রতি পালংখালী উচ্চবিদ্যালয়ের ছাত্রলীগের নবগঠিত কমিটিতে নিহত মজিবুর রহমান জাবু সভাপতি নির্বাচিত হন।
কমিটি ঘোষণার পর থেকে একটি গ্রুপ পদ না পেয়ে বেপরোয়া হয়ে উঠে। তারই জের ধরে প্রতিপক্ষ ছাত্রলীগ নামধারী মাসুদুর রহমান শাকিল ও রিজভী তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে চুরিকাঘাত করে।
ছাত্রলীগ সভাপতি সাইফুল দাবি করেন, রিজভী একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। ঘটনার পর থেকে ফারিরবিল বটতলী এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ঘটনায় জড়িত যে হোক না কেন তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, হত্যাকাণ্ডের বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বমহলকে আহ্বান করছি।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম