ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, মুকসুদপুরের ঘোষালকান্দি গ্রামের কামনা বিশ্বাস (৩৫), একই গ্রামের কানাই ওঝা (৩৫), চরপ্রসন্নদী গ্রামের লোহা খান (৫০) ও টেকেরহাটের স্লুইজগেট এলাকার সিরাজুল শেখ (৪০)।ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানিয়েছেন, ঢাকা থেকে ডাল বোঝাই একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও তিনজন আহত হন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এস এম হুমায়ূন কবীর/এসএস/এআরএস/এমএস