দেশজুড়ে

গাজীপুরে র‌্যাবের অক্সিডাইজেশন প্ল্যান্টে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব-১ এর ট্রেনিং স্কুলের অক্সিডাইজেশন প্ল্যান্টে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হাসিবুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ির র‌্যাব ট্রেনিং স্কুল সেন্টার চত্বরে থাকা অক্সিডাইজেশন প্ল্যান্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে অক্সিডাইজেশনের প্ল্যান্টে থাকা রাসায়নিক, চুলা ও শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটি থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কেউ আহত হয়নি। রাসায়নিক পদার্থটি বেশ দাহ্য ছিল। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম জানান, ওই প্ল্যান্টে র‌্যাবের রাইফেলসহ বিভিন্ন অস্ত্র রং করা হয়। এজন্য ব্যবহৃত কেমিক্যাল পুড়ে গেছে। এতে কেউ আহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর