৫ জানুয়ারি স্টাইলে কোনো নির্বাচন দেশে হতে দেয়া হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশ সামনে এগুতে পারে না। উন্নয়নের গণতন্ত্রের নামে আওয়ামী লীগ সরকার খুন-গুম-মিথ্যা মামলা দিয়ে সারাদেশে নৈরাজ্যের উৎসব চালাচ্ছে। বর্তমান সরকারকে বুঝতে হবে বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় দল বিএনপিকে বাদ দিয়ে এদেশে আর কোনো নির্বাচন হবে না।
কক্সবাজার জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কক্সবাজারের একটি অভিজাত হোটেলের বল রুমে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া প্রতিনিধি সভা প্রায় এক হাজার তৃণমূল প্রতিনিধির উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
দলীয় কোন্দলের অবসান এবং তৃণমূলে গতিশীল নেতৃত্ব আনতে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কক্সবাজার জেলা বিএনপি এ প্রতিনিধি সভার আয়োজন করে। দেশব্যাপী ৫১টি সাংগঠনিক জেলার তৃণমূলকে শক্তিশালী করতে বিএনপির ৭৮টি টিম কাজ করছে।
মীর নাছির বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি নালিশ পার্টি। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ বর্তমানে ধর্ণা পার্টিতে পরিণত হয়েছে। দিল্লির কাছে ধর্ণা দিয়ে কোনাে রকমে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারতকে নৌ-ট্রানজিটসহ সকল সুযোগ সুবিধা দিলেও একফোটা পানিও আনতে পারেনি।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র রক্ষার মেনডেট নিয়ে এগুচ্ছে বিএনপি। অথচ দেশের সুসংগঠিত অস্ত্রধারি আইনশৃংখলা বাহিনী নিরস্ত্র বিএনপি নেতাকর্মীদের গণতান্ত্রিক সভা-সমাবেশে বাধা প্রদান করছে। নিরস্ত্র মানুষ কোনো অস্ত্রধারি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখী হতে পারে না। সরকারের রোষাণলে পড়ে কক্সবাজারের জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ মিথ্যা মামলার হুলিয়া নিয়ে আজ ভারতে মানবেতর জীবন-যাপন করছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন রশিদ হারুণ, কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, দফতর সম্পাদক ইকবাল বদরীসহ বিএনপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এরআগে কক্সবাজারের দলীয় কোন্দল নিরসনে বেলা ১টায় একটি অভিজাত হোটেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ আলমগীর ফরিদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন মীর মো. নাছির উদ্দিন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের নভেম্বর মাসে জেলা বিএনপির সম্মেলন হয়। এতে শাহজাহান চৌধুরীকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শামীম আরা স্বপ্নার নাম ঘোষণা নিয়ে কক্সবাজার স্টেডিয়ামে চলমান সম্মেলনে ভাঙচুর ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে কক্সবাজার জেলা বিএনপি দু’কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদ ও লুৎফুর রহমান কাজলের অনুসারীদের মাঝে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘ আট বছর পর দলের দুঃসময়ে কক্সবাজার জেলা বিএনপি একিভূত প্রতিনিধি সভা সম্পন্ন করতে পেরেছে।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি