দেশজুড়ে

ফতুল্লায় জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জে ফতুল্লায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জামাতের সদস্য ফরম উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে ফতুল্লার ভূইগড়ের জোড়পুকুর পাড় এলাকা থেকে তাদের করা হয়।

গ্রেফতাররা হলেন- ভূইগড় এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোহেল (২৮), একই এলাকার মৃত আলা চাঁন মেম্বারের ছেলে আইয়ুব আলী (৪৫), আবদুল মালেক মিয়ার ছেলে মো. ইয়ার আলী (২৮), পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত আহাম্মদ ভূইয়ার ছেলে খোরশেদ ভূইয়া (৪৮) ও একই এলাকার আজিজ বেপারির ছেলে মাঈন উদ্দিন বেপারী (৪৮)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ভূইগড় জোড়পুকুর পাড় এলাকায় শিবির নেতা সোহেলের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা চলছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় এসআই নাহিদ ও এএসআই কামরুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, পাওয়ার হাউজ, রেলপথ, টেলি যোগাযোগ স্থাপনা, যানবাহন, রাষ্ট্রায়ত্ব তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সংঘবদ্ধ হচ্ছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর