দেশজুড়ে

২৮ মাস পর দায়িত্ব পেলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান দীর্ঘ ২৮ মাস পর দায়িত্ব বুঝে পেয়েছেন। তিনি বিএনপির রাজনীতি করে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার সম্পৃক্ত থাকায় এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে বরখাস্ত করেন।

সেই বরখাস্তের প্রেক্ষিতে মান্নান উচ্চ আদালতে আপিল করলে তাকে পুনর্বহাল করেন আদালত। বৃহস্পতিবার বিকেলে আজহারুল ইসলাম মান্নান উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহারের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে হাইকোর্টের দায়েরকৃত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদে পুনর্বহালের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রসাশক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ নির্দেশনার পর মান্নানকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম। এ সময় সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৬ই ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ওই নির্দেশনার পর মান্নান গত ৩ মে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের পর হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন এবং বিচারপতি এ. কে.এম শহিদুল হকের দ্বৈত বেঞ্চ তার ওই রিট পিটিশন শুনানির পর বরখাস্তের প্রজ্ঞাপন পরবর্তী ৩ মাসের জন্য স্থগিতাদেশ দেয়।

পরবর্তীতে ৮ই ডিসেম্বর দুপুরে মান্নান সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত হয়ে দায়িত্ব নিতে গেলে তাকে আর দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি। এমনকি উপজেলা পরিষদের চেয়ারমানের কক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি।

দীর্ঘ ২৮ মাস পর বৃহস্পতিবার বিকেলে আজহারুল ইসলাম মান্নানকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহারের স্বাক্ষরিত মঙ্গলবারের এক চিঠির পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার বলেন, ওই সময়ে আমার কাছে হাইকোর্ট বা মন্ত্রণালয়ের নির্দেশ আসেনি। তাই তাকে দায়িত্ব বুঝিয়ে দেইনি। আজ আমি ও ইউএনও স্যার মন্ত্রনালয়ের চিঠি পাওয়ার পর তাকে দায়িত্ব এমনকি পরিষদের গাড়ি বুঝিয়ে দিয়েছি।

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বলেন, ক্ষমতাসীন দল আমাকে মিথ্যা মামলা দিয়ে দায়িত্ব পালন করা থেকে দূরে সরিয়ে রেখেছিল। অবশেষে আমি ন্যায় বিচার পেয়ে চেয়ারম্যান পদে দায়িত্বভার ফিরে পেয়েছি। সাধারণ জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম