গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন রোড এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার সকাল ৯টা থেকে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের স্থানীয় শরীফ মেডিকেল ও পপুলার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানা দুটি হল ডেল্টা কম্পোজিট নীটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড।
অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা অন্য শ্রমিকরা জানান, গত শনিবার দুটি কারখানার ১৫ জন এবং রোববার কমপক্ষে ৫০ জন শ্রমিক কারখানায় সরবরাহকৃত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকাল সাতটায় শ্রমিকদের অনুরোধে কটন ক্লাব বিডি লিমিটেডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শ্রমিকেরা সকাল আটটায় কাজে যোগদান করে। সকাল ৯টা থেকে একে একে শতাধক নারী শ্রমিক অসুস্থ হতে থাকে। অসুস্থদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক মোবারক হোসেন জানান, শনি ও রোববার কারখানা দুটির অল্প কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। সোমবার এ সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। শ্রমিকরা দাবি করছে পানি পান করে অসুস্থ হয়েছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন প্রচণ্ড গরমে শ্রমিক অসুস্থতার সংখ্যা বেড়েছে। তাদেরকে স্থানীয় শরীফ মেডিকেল, পপুলার প্রাইভেট ক্লিনিক, কোনাবাড়ী মেডিকেল ও হক মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
কোনাবাড়ী শরীফ প্রাইভেট মেডিকেলের চিকিৎসক শরীফ জানান, এটি Hysterical conversion reactions disease। এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে তার দেখাদেখি আরেকজন পড়ে যাবে। তাছাড়া প্রচণ্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে একজনের দেখাদেখি অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। আবার সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারে।
তিনি বলেন, শনিবার থেকে শ্রমিক অসুস্থের ঘটনা ঘটছে। ডেল্টা কম্পোজিট নীটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামে কারখানা দুটির অর্ধশত অসুস্থ শ্রমিককে সোমবার চিকিৎসা দেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস