দেশজুড়ে

অর্থ আত্মসাৎ : ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গ্রেফতার

কুমিল্লায় দুদকের অভিযানে অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দুদকের কুমিল্লাস্থ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি নগরীর রাজগঞ্জ এলাকার মৃত. আব্দুস সালামের ছেলে।

দুদক ও মামলার অভিযোগে জানা যায়, কুমিল্লা শহরতলীর পদুয়ার বাজার এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ একটি অসাধু চক্র অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ট্রাস্টি বোর্ডের প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাত করে।

এ নিয়ে চলতি বছরের ৫ মার্চ কুমিল্লাস্থ দুদক কার্যালয়ে সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার অভিযুক্ত ট্রেজারার ছিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে দুদকের একটি টিম।

এ বিষয়ে দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস