যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৩৮০ গ্রাম ওজনের ৬ পিস সোনার বারসহ মনিরুজ্জামান মনির (৩৫) নামে এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
উদ্ধার স্বর্ণের মূল্য ৯৬ লাখ টাকা। আটক মনিরুজ্জামান বেনাপোল বড়আঁচড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনা পাচারের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানায় বিজিবি।
২১-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক আলম জানান, শনিবার দুপুরে দৌলতপুর বিওপি ক্যাম্পের বিপরীতে গাতিপাড়া সীমান্ত দিয়ে সোনা ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ৩৮০ গ্রাম ওজনের ৬ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৯৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
মিলন রহমান/এএম/আরআইপি