কুমিল্লা শহরের নজরুল অ্যাভিনিউ এলাকায় মো. শাহজাদা (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধুরা। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহজাদা শহরের ব্রিটিনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখায় দ্বাদশ শ্রেণিতে পড়তেন। তিনি শহরের সুজানগর এলাকার সহিদ মিয়ার ছেলে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত শাহজাদার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে শহরের নজরুল অ্যাভিনিউ এলাকায় সাফায়াতসহ আরও ৩/৪ জন শাহজাদাকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা শাহজাদাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকায় আনার পথে মৃত্যু হয় শাহজাদার।কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পড়ে থাকা একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি শহরের মডার্ন স্কুলের নবম শ্রেণির ছাত্র।এমএমএ/