ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। রোববার ভোর রাতে বিজয়নগর উপজেলার সাতবর্গ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, মো. কালু মিয়া (৪৫), মো. রিপন (২৭), মো. তোফয়েল আহম্মেদ (২৮), মো. জালাল (৩৮) ও মো. নজরুল ইসলাম (২৮)। র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাব-১৪ এর বিশেষ দল বিজয়নগর উপজেলার সাতবর্গ বাজার এলাকায় অভিযান চালায়। র্যা ব সদস্যরা সাতবর্গ বাজারস্থ শাহ্জালাল মসজিদের সামনে একটি মাইক্রোবাস থেকে অন্য একটি প্রাইভেটকারে মাদক লোড-আনলোড করতে দেখতে পায়। এ সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি