যশোরের গ্লোবাল ভিশন এডুকেশন কনসালটেন্সি নামে একটি প্রতিষ্ঠান স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কাওছার আহমদে সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ করেছেন।
অভিযোগ মতে, যশোর কোতোয়ালি থানার পাশে লাবনী ভবনে গ্লোবাল ভিশন এডুকেশন কনসালটেন্সি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যারা মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থী পাঠায় বলে বিভিন্ন সময় প্রচার করে আসছে। শহরের বেজপাড়ার আমীর আহমদ লেনের বাসিন্দা কাওছার আহমদের ছেলে মুরাদ আহম্মেদ চলতি বছর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগাযোগ করেন।
তিনি সেখানকার বিশ্ববিদ্যালয়ে হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্টে ভর্তির জন্য তিন লাখ ৪০ হাজার টাকা দেন। এর প্রেক্ষিতে মুরাদ আহম্মেদকে তিন মাসের ভিসা দিয়ে মালয়েশিয়ায় নিয়ে যায় প্রতিষ্ঠানটি। সেখানে পৌঁছে তার কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও মেডিকেল বাবদ আরও ৯ হাজার টাকা দাবি করা হয়। দিতে না পারায় তাকে রাস্তায় ছেড়ে দেয়া হয়।
পরে মুরাদ এক বন্ধুর সহযোগিতায় একটি হোস্টেলে উঠে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। একই সঙ্গে দেশে তার বাবা কাওছার আহমেদকে বিষয়টি জানান। তখন মুরাদের বাবা গ্লোবাল ভিশন এডুকেশন কনসালটেন্সিতে যান। এরপর মুরাদের এক বছরের ভিসা করে দেয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তির কাগজ ও ভর্তি কার্ড দেয়া হয়নি। বাধ্য হয়ে মুরাদ দেশে ফিরে আসেন এবং তার টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ দেন।
এর প্রেক্ষিতে গতকাল রোববার গ্লোবাল ভিশন এডুকেশন কনসালটেন্সির সি.ই.ও কানিজ ফাতিমা লিজা ভুক্তভোগীকে ধৈয্য ধরতে বলেন। এদিকে প্রতারণার বিচার চেয়ে আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদুকের যশোর কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মিলন রহমান/এমএএস/পিআর