দেশজুড়ে

যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে শ্রমিকের বিক্ষোভ

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে বিড়ির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিড়ি শ্রমিকরা।

বৃহস্পতিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণে সড়ক অবরোধ করে কয়েক হাজার শ্রমিক এই বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে বিড়ির ওপর বর্ধিত শুল্কারোপের প্রতিবাদে রাস্তায় নামে বিড়ি শ্রমিকরা। বিকেল ৪টার দিকে তারা যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য দেন, বিড়ি শ্রমিক ফেডারেশন দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক ফজলুর রহমান, বিড়ি শ্রমিক নেতা আব্দুল হাই, নূর এ আযম, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন ও মায়া খাতুন প্রমুখ।

সড়ক অবরোধকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সংসদে ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী বিড়ি শ্রমিকদের দাবি উপেক্ষা করে বাড়তি শুল্কের প্রস্তাব করেছেন। তিনি বিড়ি শিল্প বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করছেন। এই বিড়ি শিল্প বন্ধ হয়ে গেলে হাজার হাজার বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে। তাই বিড়ি শিল্পকে রক্ষা করে বিড়ি ও সিগারেটকে একই শুল্কের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রায় একঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মিলন রহমান/এএম/জেআইএম