সাবেক তারকা ফুটবলার, বাফুফে ও বিওএর সহসভাপতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায় গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে ওয়ারিস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বাদল রায়ের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মস্তিস্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। বাদল রায়ের জ্ঞান আছে, তবে শরীরের বাঁ-দিকটা কিছুটা অবশ।
বাদল রায় ছিলেন আশির দশকে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা। তিনি ক্যারিয়ারের পুরো সময় কাটিয়েছেন মোহামেডানে। ১৯৮১ ও ১৯৮৬ সালে ছিলেন সাদাকালোদের অধিনায়ক। তার নেতৃত্বে ১৯৮৬ সালে মোহামেডান লিগ শিরোপা জিতে নেয়। জাতীয় দলেও খেলেছেন দীর্ঘদিন।
আরআই/আইএইচএস/জেআইএম