দেশজুড়ে

মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে এবার কনস্টেবল ধরা

মোবাইল ফোন ব্যবসায়ীকে ডেকে নিয়ে পকেটে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এবার যশোরে সিরাজুল ইসলাম নামে এক কনস্টেবল গণপিটুনির শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোন ব্যবসায়ী পিকুল অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার আগে তিনি বাজারের সিকদার হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় সাদা পোশাকের কনস্টেবল সিরাজুল ইসলাম কথা আছে বলে তাকে ইউনিয়ন পরিষদের সামনে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার পকেটে একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ৩/৪ পিস ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে।

সেসময় তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তখন লোকজন কনস্টেবল সিরাজের হাতে ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পিকুলের অভিযোগ শুনে উত্তেজিত জনগণ সে সময় তাকে বেশ কয়েকটি কিলঘুষি মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অভিযোগে আরো জানা গেছে, অবস্থা বেগতিক দেখে কনস্টেবল সিরাজ মোবাইল ফোন করে কোতয়ালি থানার এসআই মোকলেসুজ্জামানকে সংবাদ দেন। পরে এএসআই আবুল কালাম আজাদ গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে আসেন।

এই বিষয়ে এসআই মোকলেসুজ্জামান বলেন, ‘আমি রেজাউল ডাকাতকে আটক করার জন্য দৌলতদিহির ব্রিজের কাছে ওৎ পেতে ছিলাম। সেসময় সিরাজ আমাকে ফোন করে বলে সে বিপদে পড়েছে। আমার সঙ্গে থাকা এএসআই আবুল কালাম আজাদকে পাঠাই তাকে উদ্ধার করতে।’

তবে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, কনস্টেবল সিরাজুল ইসলাম ডিবি পুলিশে কর্মরত ছিল। মাদক সেবনের অপরাধে সে পুলিশ লাইনে ক্লোজড রয়েছে। শনিবার কাউকে না জানিয়ে সাতমাইল বাজারে মাদক সেবন করতে যায়। সেখানে গিয়ে ইয়াবা কিনে দাম না দেয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় সে গণরোষের মধ্যে পড়ে।

তিনি আরো বলেছেন, ওই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে গিয়ে ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হবে।

উল্লেখ্য, সম্প্রতি যশোরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে একাধিক ঘটনায় পুলিশ সদস্য ক্লোজড হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস