দেশজুড়ে

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে মাদক মামলায় জাকির হোসেন ওরফে জনি নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ওরফে জনি যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। সাজাপ্রাপ্ত জাকির হোসেন পলাতক রয়েছেন।

আদালতের বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশের একটি দল যশোর-চৌগাছা সড়কের মান্দারতলা এলাকার একটি যাত্রীবাহী বাসে (পিরোজপুর জ-১১-০০১৬) তল্লাশি চালায়। এ সময় জাকির হোসেন নামে এক সন্দেহভাজনকে আটক ও তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে একটি পলিথিনে প্রায় চার লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা (নম্বর-০৮/২৭.০৬.১৭) করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ দারা খান ওই বছরের ১৬ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দেন। সাক্ষ্যপ্রমাণে জাকির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

মিলন রহমান/আরএআর/আরআইপি