দেশজুড়ে

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় সেনা সদস্য নিহত

যশোরের নূতন খয়েরতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় কর্পোরাল আব্দুল বারিক (৩৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি কাজ শেষে একটি বাইসাইকেলযোগে সেনানিবাস থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আবদুল বারিক বাইসাইকেলযোগে কাঁঠালবাগান এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার পাশে মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঝিনাইদহমুখী একটি কাভার্ডভ্যান আবদুল বারিককে পেছন থেকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ে সজোরে আঘাত করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আবদুল বারিক।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় সেনাবাহিনীর সদস্যরাও আসে এবং তাদের গাড়িতে মরদেহ তুলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান।

মিলন রহমান/আরএআর/জেআইএম