বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।
তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩ নং ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক, ১৫নং ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৬নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু ও ২০ নং ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম। এরা সবাই বিএনপি সমর্থক কাউন্সিলর।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের এসআই আহাদুল ইসলামের করা মামলায় চার্জশিটভুক্ত ৮ কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে ওই আদালতের বিচারক ছয়জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপর দুই আসামি সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শিরিন চাকলাদার ও ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম