দেশজুড়ে

কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের গ্রুপের মারামারি

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নেতাদের সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতির ঘটনার সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় গ্রুপের ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে। 

তবে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয়ায় সংঘর্ষে রূপ নেয় বলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী সমিতি মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সেখানে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানের প্রধান অতিথি যখন ভেতরে প্রবেশ করে তখনি মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালামের ছেলে মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থকরা ঘিরে রাখে। 

তারা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সমর্থিত নেতাকর্মীদের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ধাক্কা দেয় কাউসার সমর্থকরা। 

এতে প্রতিবাদের সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত হয়ে উঠেন তার নেতাকর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। তখন সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সিনিয়র নেতারা।

পরে অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময়ে আবারও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউসার আশার লোকজনদের বাক-বিতণ্ডা হয়। পরে ফের দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময়ে কেন্দ্রীয় নেতারা সামনে থাকলেও কেউ কোনো প্রতিবাদ করেনি। পরে ব্যাপক সংঘর্ষ লেগে যায় ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে। 

এতে আহত হন শৈবাল, রুবেল, আকাশসহ চারজন। তাদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি শুনেছেন তার কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে।

মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা জানান, বহিরাগতরা অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল। কিন্তু মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সেটা প্রতিহত করেছে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি