দেশজুড়ে

সেলিম ওসমান-আইভী মুখোমুখি

অপরাজনীতি দূর করে সব ভেদাভেদ ভুলে একে অপরকে সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়নের আশা ব্যক্ত করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। 

তবে অতীতের সব ভুল-ত্রুটি ভুলে এবং অপরাজনীতি মুছে দিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিলেন এমপি সেলিম ওসমান। সেলিম ওসমানের এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে মেয়র আইভী বলেন, শুধু মুখে বললে চলবে না। এমপি সাহেব যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করে দেখাতে হবে।  

রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে বাজেট ঘোষণা শেষে মেয়র আইভী ও এমপি সেলিম ওসমান একই টেবিলে বসে এসব আলোচনা করেন। সেই সঙ্গে সব ভেদাভেদ ভুলে কাজ করার আশা ব্যক্ত করেন।

জনতার মুখোমুখিতে উপস্থিত জনতার প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, আমাদের রাজনীতিতে ইগো সমস্যা দূর করে নারায়ণগঞ্জের উন্নয়নের কথা নিয়ে ভাবতে হবে। শীতলক্ষ্যা নদীর দুই তীরে রাস্তা করা এবং শীতলক্ষ্যা নদীতে একটি নয় পাঁচ-ছয়টি ব্রিজ করা যেতে পারে। এসব ব্রিজ এমপি করল না মেয়র করল তা দেখে লাভ নেই। এর আগে আমাদের একটাই চিন্তা করতে হবে শেখ হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের উন্নয়ন হয়েছে কিনা।

আইভী বলেন, নারায়ণগঞ্জের সরকারি খাসজমি প্রভাবশালী ব্যক্তিদের কাছে লিজ দিচ্ছেন জেলা প্রশাসক। বসুন্ধরাসহ অনেক বড় বড় কোম্পানিকে ব্যবসা করার জন্য লিজ দিয়ে থাকে। সরকারি জায়গা যদি সিটি কর্পোরেশন কাজে লাগাতে দেয়া হয় তাহলে বিনোদন কেন্দ্রসহ অনেক ধরনের উন্নয়ন করা যেতে পারে। ডিসি-এসপিরা তো শুধু এমপিদের কথা শোনেন। সরকারি জায়গাগুলো যেন ডিসি সাহেব সিটি কর্পোরেশন ব্যবহার করার জন্য ব্যবস্থা করেন সেজন্য অনুরোধ করেন মেয়র আইভী।

বাজেট অনুষ্ঠানে মেয়র শীতলক্ষ্যা নদীর ওপর প্রয়োজনে একাধিক সেতু নির্মাণ করা যেতে পারে জানালে সেটাকে সমর্থন করেন এমপি সেলিম ওসমান। 

সেলিম ওসমান বলেন, যেহেতু মেয়র নিজেও সেতুর কথা বলছেন সেহেতু আমরা দুজনে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেতুর কথা বলব।

আগামীতে আবারও আইভী নির্বাচিত হবেন প্রত্যাশা রেখে সেলিম ওসমান বলেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, দোয়া করব আইভীর মাধ্যমে প্রাচ্যের ড্যান্ডির রূপ ফিরে পাবে। নগরীর সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামী আট মাসের মধ্যে ৬৬৩ কোটি ৬৭ লাখ টাকার বিশাল বাজেট বাস্তবায়িত হবে। আমরা এক সঙ্গে বসব, সবাই মিলে আলোচনা করে মেয়রের মাধ্যমে প্রাচ্যের ড্যান্ডির উন্নয়ন করব। 

প্রসঙ্গত, নতুন করে কোনো করারোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর