কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানিতে ডুবে জেলা বিএনপি নেতা আরিফুর রহমানসহ দুজন মারা গেছেন।
রোববার দুপুরের দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের পূর্ব-উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে।
তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আরিফুর রহমান (৭০) এবং পার্শ্ববর্তী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে দিনমজুর মানিক হোসেন (৪২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরমধ্যে গুরুতর আহত একই গ্রামের জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়ালসহ একাধিক ব্যক্তি জানান, তার বড় ভাই আরিফুর রহমান তিন শ্রমিক নিয়ে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কচুরিপানা পরিষ্কার করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি শ্রমিকদের নিয়ে সাঁতার দিয়ে খাল পারাপার হচ্ছিলেন। এসময় শ্রমিক মানিক হোসেন খালের মাঝখানে এসে বলে ‘আমি মরে যাচ্ছি’। চিৎকার শুনে আরিফুর রহমান তাকে উদ্ধার করতে যান। পরে তিনিও একই অবস্থায় বলেন ‘আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’।
এ ধরনের চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুইজনের মৃত্যুর খবরে আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় তাদের স্বজনদের কান্নায় শোকের ছায়া নেমে আসে। আরিফুর রহমানের স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং দিনমজুর মানিক হোসেনের স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ওই স্থানে গভীর পানি ছিল। বয়স্ক লোক হওয়ায় পারাপারের সময় একজন ওই পানিতে ডুবে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে অপরজনও ডুবে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে।
কামাল উদ্দিন/এমএএস/জেআইএম