যশোরের শার্শা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২টি তাজা বোমা, ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা, ৪টি মোবাইল ও ৩টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বনমান্দার গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আলী হোসেন (৪২), ঝিকরগাছা উপজেলার বল্লাহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৭), মৃত হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০), সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন টগর (২২) ও আয়ুব আলীর ছেলে ফারুক হোসেন (২২)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উপজেলার নিজামপুর ইউনিয়নের কানাইনগরে শনিবার রাতে প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ডাকাতি করা হয়। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে নগদ ১ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১টি ট্যাব, ৪টি মোবাইল, ৩টি পাসপোর্ট ও ৫টি জমির দলিল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলমের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে ওই রাতেই শার্শা থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় রোববার দিন থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
মিলন রহমান/এফএ/জেআইএম