যশোরে মাদক চোরাচালান মামলায় মুনছুর আলী মোড়ল নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মুনছুর আলী বেনাপোলের গাজীপুর গ্রামের তনু মোড়লের ছেলে।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ। রায়ের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, যশোর উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পরিবহন কাউন্টারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযান চালায়। অভিযানকালে দৌড়ে পালানোর সময় মুনছুর আলীকে পুলিশ আটকসহ তার কাছ থেকে ৫ লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে তৎকালীন কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি মুনছুর আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার শামীম উদ্দিন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুনছুর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলী মোড়ল জামিন নিয়ে পেয়ে পলাতক রয়েছেন।
মিলন রহমান/আরএআর/এমএস