রাজনীতি

কুমিল্লা আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই : বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা আওয়ামী লীগে কোনো গ্রুপিং বা দ্বন্দ্ব নেই। দলের সব নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আগামীতে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিযে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বাহার বলেন, কুমিল্লার আওয়ামী রাজনীতিতে দ্বিধা-দ্বন্দ্ব গ্রুপিংয়ের কথা বলে সুবিধাবাদীদের এতদিনের তৈরি করা সব ধূম্রজালের অবসান হয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের মধ্যদিয়ে।

তিনি বলেন, কুমিল্লার উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। নগর কমিটির নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে কুমিল্লার উন্নয়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মধ্যদিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

এইউএ/বিএ