নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদে চলাচলকারী ফেরি দুটি যানবাহন চালক ও যাত্রীদের কাছে নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।
ফেরি দুটির মধ্যে একটি বছরজুড়েই থাকে বিকল। অন্যটি চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ফেরি দুটি দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। তবে ফেরি কর্তৃপক্ষ বলছে, নানা সমস্যা আর সঙ্কটের কারণেই তাদের এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরেই তেলের অভাবে প্রায় সময়ই ফেরি চলাচল বন্ধ থাকে। পাশাপাশি একটি বিকল হওয়ায় অপরটি বন্ধ হয়ে গেলে দুর্ভোগের শেষ থাকে না যাত্রীদের।
সরেজমিনে দেখা গেছে, ঝুঁকি নিয়ে ফেরি দিয়ে পারাপার হচ্ছে ছোট-বড় সব যানবাহন। অদক্ষ চালক দিয়ে ফেরি চলাচলের কারণে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। ক্ষতি হচ্ছে যানবাহনের। দুটি ফেরির মধ্যে একটি বছরজুড়েই থাকে বিকল। অন্যটিও চলে কোনোভাবে। ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকতে হয় যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথ দিয়ে। এ কারণে সড়ক ও জনপথ বিভাগ মুড়াপাড়া-রূপগঞ্জ সদর এলাকার শীতলক্ষ্যা নদীর ওপর ফেরি চলাচলের ব্যবস্থা করেছেন।
ফেরিগুলো প্রতি বছর বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়। ফেরি দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন সড়ক ও জনপথ বিভাগ।
ভোগান্তির শিকার বেশ কয়েকজন যানবাহন চালক বলেন, সরকারি নিয়মানুযায়ী ফেরির ভাড়া দিচ্ছি। আমরা ভোগান্তির শিকার হব কেন? এর দ্রুত সমাধান করা দরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, ফেরির সমস্যার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছেন ফেরি মেরামত করা হয়েছে। বিষয়টি আবারও দেখছি।
এ বিষয়ে সড়ক ও জনপদের মেকানিকেল বিভাগের (ফেরি) নির্বাহী প্রকৌশলী সুভাস বাবু বলেন, সমস্যাগুলো শিগগিরই সমাধান করা হবে। নতুন ফেরির ব্যাপারে কর্তৃপক্ষ বলতে পারবে।
মীর আব্দুল আলীম/এএম/আরআইপি