গাজীপুরে ১০ হাজার ১০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ তিনজনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কুমারখাদা এলাকার গজারি বনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কুমারখাদা এলাকাস্থ গজারি বনের ভিতরে দেশীয় চোলাই মদ কেনা-বেচা চলছে। ওই সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুমারখাদা গ্রামস্থ গজারি বনের ভেতরে অভিযান পরিচালনা করেন।
এ সময় চোলাই মদসহ হাতিয়াব এলাকার মৃত লাল মহন চন্দ্র বর্মণের ছেলে খোকন চন্দ্র বর্মণ (৩৫), নান্দুয়াইন এলাকার মৃত বসুবেদ চন্দ্র বর্মণ চন্দ্রের ছেলে জীবন চন্দ্র বর্মণ (৪২) ও খিদিস চন্দ্র বর্মণের স্ত্রী তারা রানী বর্মণকে (৪০) হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫টি ড্রামের প্রতিটি ড্রামে আনুমানিক ২০০ লিটার করে মোট ৫ হাজার চোলাই মদ তৈরির ওয়াশ ও ৫টি সিলভারের কলসিতে আনুমানিক ৫ হাজার ১০০ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ ও ওয়াশ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। উদ্বারকৃত মদ, মদ তৈরির উপকরণ, তৈরির কাজে ব্যবহৃত চুলা ও সংরক্ষণের কাজে ব্যবহৃত ড্রাম, হাড়ি, পাতিল, কলস ও পলিথিনের প্যাকেট ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-১ এর কোম্পানি কামান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম