দেশজুড়ে

টঙ্গীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিংকু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি টঙ্গীর গোপালপুরের  আব্দুল কাইয়ুমের ছেলে। পুলিশ এ ঘটনায় আল আমিন (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। এদিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের অফিসের পিছন থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিংকু বাড়ি ফেরার পথে টঙ্গীর স্টেশনরোড এলাকার পৌঁছালে শুক্রবার রাত ১০টার দিকে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় রিংকুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে আল আমিনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রিংকুকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ছিনতাইকারী আল আমিনকে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকার সাবেক পৌরসভার পিছন থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ।মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস