দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল যুবক

কক্সবাজারের পেকুয়ায় মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক যুবক। সোমবার সকাল ৭টার দিকে তিনি একটি স্লুইচগেইট আটকে পড়ে মারা গেলে বেলা দেড়টার দিকে তার মরদেহ সেখান থেকে বের করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতের নাম মোহাম্মদ কাইছার (৩৫)। তিনি পেকুয়া উপজেলার মগনামার সাতঘর পাড়ার মনজুর আলমের ছেলে।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, সাতঘরপাড়ার কাইছার প্রতিদিন মগনামা চেপ্টাখালী এলাকার স্লুইচগেইটে জাল বসিয়ে মাছ ধরে। নিত্যদিনের মতো রোববার রাতেও জাল বসান।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি জাল তুলতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে স্লুইজের ভেতরে আটকা পড়েন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসেন। অনেক চেষ্টার পর বেলা দেড়টার দিকে তার মরদেহ বের করে আনা সম্ভব হয়েছে।

ব্ষিটি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান জানান, মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/আইআই