কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বিস্ফোরকসহ শফিকুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
আটক শফিকুল মিয়ানমারের রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের ছেলে।
পুলিশ জানায়, সকালে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বিস্ফোরক দ্রব্যসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া জানান, আটক শফিকুলকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, শফিকুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হচ্ছে। এছাড়াও অপরাধ কর্মের সঙ্গে তার সম্পৃক্ততা সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম