দেশজুড়ে

ফুলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

কক্সবাজার সদরের ঈদগাঁওর ফুলেশ্বরী নদীতে শখের বশে মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বেলাল উদ্দিন (২৫) নামে এক যুবক। সোমবার দুপুর দেড়টার দিকে ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন গভীর জলে (স্থানীয় ভাষায় কুম) তিনি তলিয়ে যান।

নিখোঁজ বেলাল উদ্দিন ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনার নুরুল আলমের ছেলে ও এক সন্তানের জনক।

স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়েও কোনো সন্ধান না পাওয়ায় কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। তারপরেও কোনো খোঁজ না পেয়ে চট্টগ্রাম ডুবুরি দলকে ঘটনাস্থলে আনা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিখোঁজ বেলাল শখের বশে ফুলেশ্বরী নদীতে মাছ ধরতে যান। এ সময় ফরেস্ট অফিসের পেছনে কাছারীর কুম নামক স্থানে জাল পাতলে আটকে যায়। তিনি ওই কুমে নেমে আটকানো জাল টেনে তুলতে গিয়ে নিখোঁজ হন।

কক্সবাজার দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, আমরা খবর পেয়ে একটা টিম এলাকায় গিয়ে তাকে উদ্ধারে অনেক চেষ্টা চালাই। কিন্ত সন্ধ্যা পর্যন্ত না পেয়ে চলে আসে। এখন চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসছে। তারা আসলে বাকিটা জানা যাবে। ঘটনাস্থলে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি টিমও সকাল থেকে কাজ করছে।

খালে নেমে উদ্ধার অভিযান চালানো স্থানীয়দের একজন জিয়াউর রহমান বলেন, কুম এলাকায় পানির ভেতর কয়েকস্থর পাথর রয়েছে। পানির গভীরতাও বেশি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা অলৌকিক। ঘটনাটি শুনার পর ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। উদ্ধারকারীদের সহযোগিতা করছে আমাদের কমিউনিটি পুলিশিং অফিসার এএসআই মহিউদ্দীনসহ অন্যরা।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি