নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাবু ও তার বাবা জালাল হত্যা হামলার আসামি সোহেল ওরফে ভিপি সোহেলকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সোহেল রূপগঞ্জের মুড়াপাড়া ডিগ্রি কলেজের ভিপি। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ভিপি সোহেল রূপগঞ্জের মীরকুটিরছেও গ্রামের আওলাদ হোসেন ছেলে।সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, গত ১৪ মে রূপগঞ্জ থানার মাছিমপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. জালালকে সন্ত্রাসীরা একটি সাদা রংয়ের মাইক্রোবাস যোগে অপহরণ করে। এরপর তারা জালালকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করে। তিনি আরো জানান, ভিপি সোহেলের পরিকল্পনায় এ হত্যাকাণ্ডে অংশ নেন আসামি লেদা ফারুক, সবুজ, সেলিম, মোহাম্মদ আলী, তাওলাদ হোসেন ওরফে তালু, রশিদসহ অন্যান্য আসামীরা। তারা জালালের ছেলে বাবু হত্যাকাণ্ডেরও আসামি। দীর্ঘদিন ধরে র্যাব-১১ এর গোয়েন্দা দল ভিপি সোহেলের অবস্থান নিশ্চিত হয়। এরপর বৃহস্পতিবার রাতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সোহেলকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর