দেশজুড়ে

মণিরামপুরে শিশুকে বাঁচাতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুতের তারে জড়ানো একটি শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও ২ জন। রোববার সকাল ৯টার দিকে মণিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, দোদাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (২৬) ও সুমন (২২)। আহত ২ জন হলেন, একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ও মাহাবুবুর রহমানের শিশু সন্তান শিমুল।মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জাগো নিউজকে জানান, মণিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ইটভাটার মালিক রবিউল ইসলাম তার ইটভাটায় প্রতিবেশি আব্দুল আজিজের বাড়ি থেকে বিদুৎ সংযোগ নিয়েছেন। রোববার সকালে ওই তার ছিড়ে তাতে শিশু শিমুল জড়িয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাতেমা, সুমন ও মিলন। পরে তাদেরকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই মিলন ও হাসপাতালে আনার পথে সুমনের মৃত্যু হয়। আহত শিমুল ও ফাতেমাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লা-আল-মামুন জাগো নিউজকে জানান, নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক।মিলন রহমান/এমজেড/এমএস