দেশজুড়ে

বেতন দাবিতে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

৩ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছেন একই মালিকানাধীন দুইটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা শিমরাইল-আদমজী ইপিজেড সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে আসলে শ্রমকিদের সঙ্গে শিল্প পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো এলাকায় আব্দুর রব ও সানোয়ারের মালিকানাধী রানস অ্যাপারেলস এবং ওল্ড টাউন নামক দু’টি পোশাক কারখানার প্রায় দেড় হাজার শ্রমিকের ৩ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে।

কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে নানা টালবাহানা করছিল বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে শনিবার সকালে শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে শিমরাইল-আদমজী ইপিজেড সড়কের সিদ্ধিরগঞ্জের সাইলোড এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এসময় তারা ওই সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

খবর পেয়ে আদমজী ইপিজেডে অবস্থানরত শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমকিদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের উপর শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েক জন শ্রমিক আহত হয়।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আগামীকাল (রোববার) ১ মাসের বেতন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ১ মাসের বেতন ভাতা ও ২৩ অক্টোবর আরেক মাসের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমকিরা শান্ত হন।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস