দেশজুড়ে

চাষাঢ়া আ.লীগ কার্যালয়ে বোমা হামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহতের মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগহণ হয়নি। আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ অতিরিক্ত প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, বুধবার সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষী উপস্থিত না থাকায় ১৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার অগ্রগতি সম্পর্কে ওয়াজেদ আলী খোকন বলেন, রাষ্ট্রপক্ষে ৫৬ জন সাক্ষীর মধ্যে শুধু একজন, মামলার বাদী খোকন সাহা সাক্ষ্য দিয়েছেন। তবে এখন পর্যন্ত অন্যান্য সাক্ষীরা উপস্থিত না হওয়ায় মামলার কার্যক্রম আগের অবস্থায় রয়েছে। মামলা ৫৬ জন সাক্ষীকে বুধবার আদালত চূড়ান্ত সমন জারি করেছেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহতের ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে দুটি মামলা হয়।

কয়েক দফা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন শেষে দুটি মামলায় ২০১৩ সালের ২ মে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাত উল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার হয়েছেন।

এছাড়া পলাত রয়েছেন ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম