আন্তর্জাতিক

ইউরেনিয়াম: মাটি খুঁড়ে বের করতে চান ট্রাম্প, সমৃদ্ধকরণ চলবে জানালো ইরান

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। এখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইরানের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম মাটি খুঁড়ে খুঁজে বের করে হস্তান্তর করতে হবে।

ট্রাম্প প্রশাসনের এমন দাবির পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের উপ-রাষ্ট্রপতি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনোই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থামাতে পারবে না।

মোহাম্মদ ইসমাইলি বলেন, ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত করার লক্ষ্যে প্রতিপক্ষদের দাবি ও বক্তব্য কেবলই কল্পনা, যা তাদের সঙ্গেই কবরস্থ হবে।

ইসমাইলির মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে আগ্রাসন কোনো ফল দেয়নি, আর এখন তারা আলোচনার মাধ্যমে তেহরানের কাছ থেকে ছাড় আদায় করতে চাইছে।

এদিকে দ্য হিল সংবাদমাধ্যমের তথ্য মতে, গত জুনে ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় একটি স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ইউরেনিয়াম লুকানো রয়েছে বলে ধারণা করা পারমাণবিক সামগ্রী হস্তান্তরের বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দিয়েছে বলে মনে হচ্ছে না।

২০২৫ সালের ২২ জুন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, মার্কিন বিমানবাহিনী ও মার্কিন নৌবাহিনী একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং ইসফাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র।

এই হামলায় নর্থরপ বি-২ স্পিরিট স্টেলথ বোমার দ্বারা বহনযোগ্য ৩০,০০০ পাউন্ড ওজনের এক ডজনেরও বেশি জিবিইউ-৫৭ সিরিজের বোমা এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন>>‘কল্পনানির্ভর’ হামলা ইসরায়েলের, ফের আলোচনায় ৪৪০ কেজি ইউরোনিয়াম

তবে বুধবার (৮ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনেই আশাবাদ ব্যক্ত করেন যে, ইরান অস্ত্র তৈরি করার মত সমৃদ্ধ ইউরেনিয়াম উপাদান হস্তান্তর করবে।

বুধবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর হবে না এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে ‘ধূলিকণা’ খুঁড়ে মাটির গভীরে ধ্বংস স্তূপের নিচে থাকা পারমাণবিক উপাদান উদ্ধার করে করে সরিয়ে নেবে।

ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না এবং এ লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ প্রয়োজন ছিল বলেও দাবি করেছেন।

এদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) পেন্টাগনের প্রধান ইঙ্গিত দেন যে, অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছে।

হেগসেথ বলেন, তারা জানে এই চুক্তির অর্থ হলো তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। শর্ত অনুযায়ী, তাদের কাছে থাকা যেকোনো পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হবে। এসব উপাদান গভীরে মাটির নিচে আছে এবং ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে।

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ ফেব্রুয়ারিতে অনুমান করেছিল যে, ২০২৫ সালের জুন পর্যন্ত ইরান প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

কেএম