গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুনুর রশিদ মামুন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টঙ্গী ভরান এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। র্যাব-১ এর অপারেশন অফিসার মুহিত কবির সেরনিয়াবাত জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে মাইক্রোবাস নিয়ে সশস্ত্র একদল দুর্বৃত্ত ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদের একটি টহল দলের মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় পেছন থেকে র্যাবের আরেকটি টহল দল পিকআপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবকে লক্ষ্য করে তারা গুলি করা শুরু করেন। এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। র্যাব জানায়, নিহত মামুন একাধিক হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে সার্জেন্ট আলাউদ্দিন ও হাবিলদার মো. আমিনুল ইসলাম নামে র্যাবের ২ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নিহত মামুনের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জাগো নিউজকে জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব সদস্যরা মৃত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, তার বুকে দুটি এবং পেটের বাম দিকে একটি গুলির চিহ্ন রয়েছে।নিহতের খালাতো ভাই বিপ্লব জানান, মামুন রোববার রাত ১০টার দিকে তার বাড়ির কাছে একটি দোকানে বসে টিভিতে খেলা দেখছিলেন। এসময় সাদা পোশাকের একদল লোক তাকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে আসি। নিহত মামুন টঙ্গী এলাকায় গার্মেন্টেসের লটের মালের ব্যবসা করতেন। মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস