দেশজুড়ে

অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ২ ঘণ্টা বন্ধের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে অভয়নগরের কলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন। বিকেল ৩টার দিকে রেল লাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার শোভন রায় জাগো নিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি অভয়নগরের কলাতলা এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের উপরে আটকে পড়ে। এ কারণে খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, ট্রাকটি রেললাইন পার হয়ে নদীর ঘাটের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান। ট্রাকটি দুমড়ে মুচড়ে রেললাইনের ওপরেই আটকে পড়ে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে।মিলন রহমান/এমজেড/আরআইপি