যশোরে ছিনতাকারীর ছুরিকাঘাতে মুছা মিয়া নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বুধবার ভোরে শহরের জজকোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানিয়েছেন, বুধবার ভোরে পুলিশ সদস্য মুছা মিয়া ও তার স্ত্রী ট্রেনযোগে যশোর স্টেশনে নামেন। ভোরে তারা রিকশায় যাওয়ার সময় শহরের জজকোর্ট মসজিদের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ ৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।মিলন রহমান/এসএস/আরআই