দেশজুড়ে

গাজীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

গাজীপুর সিটি করপোরেশনের নলজানীর টিঅ্যান্ডটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একরাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার এবং পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. আফাজ উদ্দিন (৩২)। আহতরা হলেন, রুবেল (৩০) ও আলম (২৮)। হতাহতদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায় বলে জানা গেছে। তবে বিস্তারিত গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান, জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম।

গাজীপুর সদর-টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, ভোর রাতে নলজানী এলাকায় অস্ত্রধারী কতিপয় ডাকাতের ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। পরে সেখানে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়েতে পালাতে থাকে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। পরে আফাজকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ধরতে গিয়ে জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. সাদেক ও কনস্টেবল মো. হযরত আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা সাখাওয়াত হোসেন আরও জানান, আফাজের বিরুদ্ধে শ্রীপুর থানায় ৬টি, কাপাসিয়া থানায় ১টি, গফরগাঁও থানায় ১টি এবং পাগলা থানায়-৪টি ডাকাতির মামলা রয়েছে। এরা প্রত্যকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম