দেশজুড়ে

গাজীপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ওই মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের দাবিতে এবং কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে রোববার ক্লাস বর্জন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে।

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ইটাহাটা এলাকাস্থিত সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজ মাইগ্রেশনের দাবিতে এবং কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে।

রোববার সকাল হতে ক্লাস বর্জন করে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা বেলা ১২টার দিকে মিছিল নিয়ে বের হয়ে কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবস্থান নেয় এবং সড়কে অবরোধ সৃষ্টি করে করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কের উপর কাগজ ও পরিত্যাক্ত বস্তুতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ঘণ্টাব্যাপী ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের উপর থেকে আন্দোলনরতদের সরিয়ে দিলে দুপুর ১টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। পরে শিক্ষাথীরা বিকেল পর্যন্ত অধ্যক্ষ কার্যালয় ভবনের সামনে অবস্থান করে।

এ ব্যাপারে ওই মেডিকেল কলেজের পরিচালক হায়াতুল ইসলাম আহাদ বলেন, বিএমডিসি এ কলেজ প্রতিষ্ঠার পর প্রথম দুই বছর ছাড়া অন্য শিক্ষাবর্ষের জন্য অনুমোদন না দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। তবে নিজস্ব ভবন না থাকাসহ কিছু শর্ত পূরণ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে এ কলেজসহ দেশের ৯টি মেডিকেল কলেজের গত বছরের ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের শর্তপূরণ করা হলে স্থগিতাদেশ প্রত্যাহারের লক্ষে ওইসব কলেজসমূহ পুনঃপরিদর্শন করে রিপোর্ট দাখিলের জন্য গত ২৬ অক্টোবর সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।

সরেজমিন পরিদর্শন করে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। আশা করছি ওই কমিটি এ মেডিকেল কলেজ পরিদর্শনের পর দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। এ কলেজে ভারতের ৭ জন ও নেপালের ২০ জনসহ প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম