নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার দায়ের করা মামলায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ চার্জ গঠন করা হয়। মামলাটি শুনানির পরবর্তী তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজেই মামলার শুনানিতে অংশ নেন।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, তিনিসহ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাই রাজুসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তিনি বলেন, এ মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন হয় না। তাদেরকে হেয় করার জন্য এ ধরনের মামলায় চার্জ গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে ফিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়, মাদানী নগর, সাইনবোর্ড, শিমরাইলের মুক্তি স্মরণী এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আসা হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পরদিন ভোর ৬টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’জন বিজিবি সদস্য এবং দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাখাওয়াত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তৈমুর আলম খন্দকার ও সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয় অনেককে। পরে পুলিশ ৩৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
মামলায় পুলিশ বক্সে হামলা, পুলিশের ওপর হামলা, তাদের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি