নারায়ণগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় নিহতের পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ করেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে এসে পরিস্থিতি শান্ত করে।
বুধবার রাত ৭টার দিকে শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত মেডিপ্লাস হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহতের নাম পারভীন আক্তার (৪৭)। তিনি ফতুল্লার লালপুর এলাকার হোসেন মিয়ার স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেডিপ্লাস হাসপাতালে পারভীন আক্তারের জরায়ু অপরাশেন করেন ডাক্তার শান্তা ইসলাম। এ সময় ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে পারভীনের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গোপন রেখে পারভীনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। এরপর খানপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা পারভীনকে মৃত ঘোষণা করেন।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাইম জানান, পারভীনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। জানতে পেরেছি পারভীনের জরায়ুর অপারেশন করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পারভীনের মরদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মাজহার জানান, রোগীর স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করেছি।
মেডিপ্লাস হাসপাতালের মালিক মোফাজ্জল হোসেন মিন্টু রোগী মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা দাবি করে বলেন, এ বিষয়ে কিছু বলার নেই।
শাহাদাত হোসেন/এএম/এমএস