নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে থাকা প্রতিবন্ধী ছেলেটি তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না। তবে সোনারগাঁ থানা পুলিশ বিভিন্নস্থানে তার পরিচয় চেয়ে বার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।
গত ২৬ অক্টোবর ছেলেটিকে উপজেলার সনমান্দি বাজার থেকে পাওয়া গেছে। পরে সনমান্দি গ্রামের বাসিন্দা আনসার বাহিনীর সদস্য আব্দুল লতিফের বাড়িতে আশ্রয়ে ছিল। ১২ দিন ওই কিশোরকে সেখানে থাকার পর তার পরিবারের কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
আনসার সদস্য আব্দুল লতিফ জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি বাজারে বিকেলে সে ঘোরাফেরা করছিল। নাম-পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারছিল না। পরে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে আশ্রয় দেন। এরপর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেটির ছবি আপলোড করে পরিচয় জানতে চাইলেওকোনো সাড়া পাওয়া যায়নি। তাই তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ছেলেটি তার নাম পরিচয় বলতে পারে না। সমাজ সেবা অধিদপ্তরও তার ব্যাপারে কোনো প্রকার দায়িত্ব নিতে চান না।
সোনারগাঁ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর বলেন, ছেলেটির আমরা সরাসরি দায়িত্ব নিতে পারবো না। আমাদের কোনো সিকিউরিটি নেই। তাকে আদালত বা ম্যাজিস্ট্রেটের প্রক্রিয়ার মাধ্যমে ভবগুরে আশ্রয় কেন্দ্রে দিতে হবে।
শাহাদাত/এমএএস/আরআইপি