দেশজুড়ে

যশোরে দিনমজুরকে গলা কেটে হত্যা

যশোরের মণিরামপুরে আকবার আলী (৫৫) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত আকবার আলী যশোর সদরের ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি তার শ্বশুরবাড়ি মণিরামপুরের কৃষ্ণবাটি গ্রামে থাকতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আকবার আলীকে গলা কেটে হত্যা করেছে। তার দুই হাতে আঘাতের চিহ্ন এবং পাশে একটি ওড়না ছিল। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, হত্যার রহস্য উদঘাটনে নিহত আকবারের স্ত্রী হালিমা, ছেলে মিন্টু ও মেয়ে সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আটক করা হবে।

মিলন রহমান/আরএআর/এমএস